বর্তমান সরকারের আমলে এদেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে এবং এক্ষেত্রে সাংবাদিকদেরও এক বড় ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘অর্ধশত বর্ষে বাংলাদেশ ও আশুলিয়া প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, পর পর তিনবার জনগণের ভোটে নির্বাচিত বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলেই এদেশে সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। আমাদের ভাগ্য যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মতো নেতা পেয়েছি যার হাত ধরে এদেশ দূর্বার গতিতে উন্নয়নের মহাসোপানে এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন অনুযায়ী চলতে পারলে এদেশ বিশ্বের উন্নত দেশগুলির অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ।
ডা. এনামুর রহমান আরও বলেন, সরকারের উন্নয়নে সাংবাদিকদের বিরাট ভূমিকা রয়েছে। জাতির দর্পণ এই গণমাধ্যমকর্মীরাই সরকারের ভুলত্রুটি তুলে ধরার পাশাপাশি অনেকসময় সঠিক দিকনির্দেশনাও তুলে ধরেন। আবার সরকারের উন্নয়ন সঠিকভাবে তুলে ধরেও তারা জনগণের সাথে সরকারের ইতিবাচক সেতুবন্ধন গড়ে তুলতে পারেন।
চ্যানেল টোয়েন্টিফোর এর ষ্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের সভাপতিত্বে এবং চ্যানেল আই সাংবাদিক জাকির হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন এবং ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম।
এছাড়া আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাবের ৭ম দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদের তিন প্রার্থী আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সময় টিভির সাব-ব্যুরো প্রধান মোজাফফর হোসাইন জয়, যমুনা টিভির মাহফুজুর রহমান নিপু ও বাংলাভিশনের মোছাঃ শেফালী খাতুন মিতু।
বার্তাবাজার/এ.আর