আগামী ২৮ ডিসেম্বর পঞ্চগড় পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম পঞ্চগড়ের কোন নির্বাচনে সব কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে ইভিএমে। তাই ভোটারদের নতুন এই ভোটদান পদ্ধতি জানাতে মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন অফিস।
শনিবার সকাল ১০ টায় পঞ্চগড় পৌরসভার ১৫ টি কেন্দ্র একযোগে মক ভোটিং শুরু হয়। ভোটাররা কেন্দ্রে এসে নমুনা ভোট দিয়ে পরিচিত হন এই ভোটিং সিস্টেমের সাথে। ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা তাদের হাতে কলমে ভোটদানের নিয়মাবলি শিখিয়ে দিচ্ছেন।
বিকেল ৪ টা পর্যন্ত মক ভোটিং অনুষ্ঠিত হয়। তবে নতুন এই পদ্ধতিতে আগ্রহ নেই ভোটারদের। ভোটারদের উপস্থিতি সেটাই বলছে। পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ১১ জন। তার মধ্যে মাত্র ১৮’শ ভোটার এই মক ভোটিংয়ে অংশ নিয়েছে।
পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীর বলেন, মক ভোটিং হলো অনুশীলনমূলক ভোট। তাই এখানে উপস্থিতির সংখ্যা একটু কম। ভোটের দিন এই চিত্র থাকবে না। আমরা আশা করছি ভোটের দিন ভোটাররা স্বতস্ফুর্তভাবে ভোট প্রদান করবেন। ১৫ টি ভোটকেন্দ্রে ৯৭ টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি পুলিশের ৩ টি ও র্যাবের ৩ টি মোবাইল টিম দায়িত্ব পালন করবেন। এছাড়া দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে দুই জন করে ডাটা এন্ট্রি অপারেটর থাকবে। ইভিএমে কোন সমস্যা হলে তারা তাৎক্ষণিকভাবে তা দেখবে। তারা সমাধান করতে না পারলে ৪ সদস্যের একটি অভিজ্ঞ দল (ভ্রাম্যমান) রয়েছে তারা সেটি সমাধান করবে।
বার্তাবাজার/এ.আর