ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে আলো ছড়ালেও জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করতে পারছেন না পেসার জাসপ্রিত বুমরাহ। তবে এবার ভিন্ন এক জায়গায় সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি।
এমনকি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকেও ছাড়িয়ে গেছেন তিনি। সবাইকে টপকে চলতি বছর ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার হলেন তিনি। এ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা আয় করেন বুমরাহ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে আছেন বুমরাহ। ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা একটি টেস্টের জন্য ১৫ লাখ, একটি ওয়ানডের জন্য ৬ লাখ ও একটি টি-টোয়েন্টির জন্য ৩ লাখ রূপি পান।
বুমরাহ এ বছর ভারতের জার্সিতে ৪টি টেস্ট, ৯টি ওয়ানডে ম্যাচ ও ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বোর্ডের বার্ষিক চুক্তি বাদ দিয়েই ১.৩৮ কোটি রূপি পেয়েছেন বুমরাহ। যা কিনা টাকার হিসেবে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
অন্যদিকে কোহলি এ বছর ভারতের হয়ে ৩টি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। কোহলি আয় করেছেন ১.২৯ কোটি রূপি। এ তালিকায় তিনে থাকা রবীন্দ্র জাদেজা ২টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলে ৯৬ লাখ রূপি আয় করেছেন।
বার্তাবাজার/এস.জি