চার ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ১৯৫ রানেই অলআউট হয়ে গেছে তারা। দিনশেষে ভারত ১ উইকেট হারিয়ে ৩৬ সংগ্রহ করেছে।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনার জো বার্নসকে রানের খাতা খুলতে দেয়নি জাসপ্রিত বুমরাহ।
আরেক ওপেনার ম্যাথু ওয়েড ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ৩০ রান করে অশ্বিনের বলে জাদেজাকে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। এরপর রানের খাতা না খুলেই ফিরেন স্টিভেন স্মিথ।
দলের ব্যাটিং বিপর্য্যয়ে হাল ধরেন মার্নাস লাবুশানে ও ট্রেভিস হেড। তাদের ব্যাটে এগিয়ে যাচ্ছিল অজিরা। তবে শেষ পর্যন্ত ৮৬ রানের জুটি গড়েন তারা। তাদের জুটিতে আঘাত হানে বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান আসে লাবুশানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন ট্রেভিস। তাদের দুইজনের বিদায়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯৫ রানেই অলআউট হয়ে যায় তারা।
ভারতের হয়ে বল হাতে বুমরাহ ৪টি উইকেট শিকার করেছেন। ৩টি উইকেট পেয়েছেন অশ্বিন। অভিষিক্ত সিরাজ ২টি ও জাদেজা পেয়েছেন ১টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাঝঘরে ফিরেন মায়াঙ্ক আগারওয়াল। মিচেল স্টার্কের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে কোনো রান না করেই ফিরেন তিনি। এরপর আর কোনো উইকেট দেয়নি ভারতীয় ব্যাটসম্যানরা।
শুভমান গিল ৩৮ বলে ২৮ রানে ও চেতেশ্বর পূজারা ২৩ বলে ৭ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছে। প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৩৬ রান।