দুই সাবেক ক্রিকেট সতীর্থ মারা গেলেন একদিনের ব্যবধানে

কিংবদন্তি ধারাভাষ্যকার এবং সাবেক ইংলিশ বোলার রবিন জ্যাকম্যান মারাগেলেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১২ সালে গলায় ক্যান্সার ধরা পড়ে জ্যাকম্যানের। মারাত্মক টিউমার ভোকাল কর্ডস থেকে অপসারণের জন্য জ্যাকম্যানের দু’বার অপারেশন করা হয়। দীর্ঘদিনের সতীর্থ ইংলিশ ব্যাটসম্যান জন এডরিচের মৃত্যুর একদিন পরই জ্যাকম্যান বিদায় নিলেন।

জ্যাকম্যানের মৃত্যুতে আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘সাবেক ইংলিশ বোলার এবং কিংবদন্তি ধারাভাষ্যকার রবিন জ্যাকম্যানের মৃত্যুতে আমরা শোকাহত। ৭৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। ক্রিকেট বিশ্ব এই কঠিন সময়ে তার পরিবার ও বন্ধুদের পাশে আছে। ’

ভারতের সিমলায় জ্যাকম্যানের জন্ম। তবে তিনি ইংল্যান্ডের হয়ে ৪টি টেস্টে ও ১৫টি ওয়ানডে খেলে নিয়েছেন ৩৩ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় ৩৬ বছর বয়সে। ১৬ মৌসুম প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ৩৯৯ ম্যাচে ২২.৮০ গড়ে ১৪০২ উইকেট নিয়েছেন জ্যাকম্যান। ব্যাট হাতে করেছেন ৫৬৮১ রান।

অবসরের পর তিনি ব্রডকাস্টার হিসেবে কাজ শুরু করেন এবং দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে দীর্ঘদিন ভয়েস দেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর