সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড়সড় বদলি

বাংলাদেশ সেনাবাহিনীর দশজন জেনারেলের কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। তাদের মাঝে একজন লেফটেন্যান্ট জেনারেল ও চারজন মেজর জেনারেল হিসাবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা।

তাদের মাঝে সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) করা হয়েছে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডক) জিওসি লে. জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে। এর আগে ২০১৯ সালের আগস্টে মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লে. জেনারেল হয়েছিলেন শফিউদ্দিন আহমেদ। তখন তাকে দায়িত্ব দেয়া হয়েছিল অ্যার্টডকের।

অ্যার্টডকের নতুন জিওসি হয়েছে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল এস এম মতিউর রহমানকে। একইসাথে তিনি পদোন্নতি পেয়ে হতে যাচ্ছেন লে. জেনারেল।

২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি হয়েছেন মেজর জেনারেল সাইফুল আবেদিন। তিনি জিওসি হিসাবে দায়িত্বে ছিলেন নবম পদাতিক ডিভিশনের। তিন বছর ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারিতে তাকে নবম পদাতিকে বদলি করা হয়েছিল। কয়েক মাসের মাঝে আবারও বদলি হল তার।

নবম পদাতিকের জিওসির দায়িত্ব পেয়েছেন স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের (এসআইঅ্যান্ডটি) কমান্ড্যান্টের দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

আর যশোরে সেনাবাহিনীর ৫৫তম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল হুমায়ুন কবিরকে লজিস্টিকস এরিয়ার এরিয়া কমান্ডার করা হয়েছে।

ঘাটাইলের ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদকে সেনাসদরে নিয়ে আসা হয়েছে অ্যাডজুট্যান্ট জেনারেলের দায়িত্ব দিয়ে।

যে চারজন ব্রিগেডিয়ার জেনারেল পদোন্নতি পেয়ে মেজর জেনারেল হয়েছেন, তাদের মধ্যে মো. খালেদ আল-মামুনকে এমআই পরিদপ্তর থেকে সেনা সদরের সামরিক সচিব করা হয়েছে।

আগের সামরিক সচিব ওয়াকার-উজ-জামান গত মাসে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে পিএসও হওয়ার পর থেকে পদটি খালি ছিল।

সেনাসদরের আইটিডি পরিদপ্তরের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ তারেক হোসেনকে পদোন্নতি দিয়ে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করে ঘাটাইলে পাঠানো হয়েছে।

৬ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল এসএম কামরুল হাসান মেজর জেনারেল হয়ে রংপুরে যাচ্ছেন ৬৬ পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিতে।

এছাড়া অ্যার্টডকে দায়িত্ব পালন করে আসা ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকসের (এসআইঅ্যান্ডটি) কমান্ড্যান্টের দায়িত্ব পেয়েছেন। সূত্র-বিডিনিউজ২৪।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর