সম্প্রতি মুক্তি পাওয়া বাংলা সিনেমা নবাব এলএলবির পরিচালক অনন্য মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত। পুলিশকে হেয় করে সিনেমা নির্মাণের অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশ গ্রেফতার করে অনন্য মামুন ও চলচ্চিত্র অভিনেতা শাহীন মৃধাকে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে অনন্য মামুননকে আটক করে ডিবি পুলিশ। পরে তার বিরুদ্ধে রমনা থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই তাকে গ্রেফতার দেখায় পুলিশ।
পরে শুক্রবার দুপুরে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ আদালতের কাছে আবেদন করেন যেন আসামিদেরকে কারাগারে আটক রাখা হয়।
উল্লেখ্য, অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রটি কিছুদিন আগে অনলাইনে মুক্তি পেয়েছে। সেখানে ছবির অর্ধেক দেখানো হয়েছে। এই বিষয়েও দর্শকদের তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে ২০১৭ সালে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে আটক করা হয় তরুণ এই নির্মাতাকে।
বার্তাবাজার/এসজে