ব্রাজিল কোচ তিতের সামনে কাঁদলেন নেইমার! যেদিন নেইমারের নামে ধর্ষণের অভিযোগ এনেছিলেন অজ্ঞাত পরিচয় এক মহিলা। সেদিন ট্রেনিংয়ের আগে অনেকক্ষণ ধরে নেইমার–তিতের কথা হয়। আর কথা বলতে গিয়েই নিজেকে সামলাতে পারেননি ব্রাজিলীয় তারকা। এমনই খবর ‘গ্লোবোস্পোর্ট’–এর।
একের পর এক জটিলতা এবং দ্বন্ধ দেখে নেইমার ক্লান্ত, বিধ্বস্ত। হেড স্যারকে সে কথাই জানিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, এই ঘটনা সম্পূর্ণ সাজানো। তার কোনও দোষ নেই। দীর্ঘ আলোচনার পর নেইমারকে সব ভুলে ট্রেনিংয়ে মন দেওয়ার পরামর্শ দেন তিতে। সেই সঙ্গে বোঝান, দলের তাকে দরকার। ওই পত্রিকার খবর, নেইমারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট তিতে। বলেছেন, ‘নেইমারের সঙ্গে আমাদের দু’দিন দুটি বিষয়ে আলোচনা হয়েছে। কী কথা হয়েছে, সেটা আমাদের মধ্যেই থাক। যা নিয়ে কথা হয়েছে, তাতে অর্ধ সত্যির কোনও জায়গাই ছিল না। আমাদের কাছে যেটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি, সেটা হল নিজেদের কাজে মন দেওয়া।’