নোয়াখালীর কবিরহাট উপজেলা নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত নেতা আলাবক্স তাহের টিটু তার এলাকার ভোটারদের পা ধুয়ে দিয়েছেন। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে নিজের বাড়িতেই তিনি পা ধোয়ার এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন।
জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তিনি ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনের ফল যাই হোক তিনি ভোটের পর ভোটারদের পা নিজ হাতে ধুয়ে সম্মান জানাবেন। এ উপলক্ষে উপজেলার ৯ ইউনিয়ন ও ১ পৌরসভা থেকে একজন করে প্রতিনিধি ভোটারের পা তিনি ধুয়ে দেন। এসময় প্রথমে তিনি তার মায়ের পা ধুয়ে দেন।
এ বিষয়ে আওয়ামী লীগের সাবেক এই নেতা জানান, গত নির্বাচনে জনগনকে কথা দিয়েছিলাম নির্বাচনে জিতি বা হারি তা নিয়ে কোনো আক্ষেপ থাকবে না। কিন্তু আমি ভোটারদের পা ধুয়ে দিবো। আমার দেয়া কথা রাখতেই এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করি। আমি ভোটারদের সন্মানেই এই কাজ করেছি।
তিনি আরও জানান, আমার এমন কর্মসূচী দেখে ভবিষ্যতে নির্বাচনের প্রার্থীরা ভোটারদের প্রতি সম্মান প্রদর্শন করবে বলে আমি আশাবাদী। তাদের প্রাপ্য সম্মান তাদেরকে দেওয়াটা আমাদের সবার কর্তব্য।
বার্তাবাজার/এসজে