মঙ্গলবার রাতে রিয়াল ভায়োদলিদের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। সেই ম্যাচে গোলের দেখা পেয়েছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি। এই গোলে ইতিহাসে নাম লেখিয়েছেন তিনি।
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের এক ক্লাবের হয়ে ৬৪৩ গোলের রেকর্ডটি ভেঙেছেন তিনি। বার্সার হয়ে এখন পর্যন্ত ৬৪৪ গোল করেছেন মেসি। মেসির এই ইতিহাসের সাক্ষী হয়েছে বিয়ার প্রস্তুতকারক কোম্পানি বুডউইজার।
১৬০ গোলরক্ষকের বিরুদ্ধে ৬৪৪টি গোল করেছেন মেসি। বড়দিনের উপহার হিসেবে তাদের সবাইকে পেয়েছেন বিয়ারের বোতল। যেই গোলরক্ষক মেসির যততম গোল হজম করেছেন, তাকে সেই নম্বর অঙ্কিত বিয়ারের বোতল দেয়া হয়েছে।
তাদের প্রত্যেককে এক বোতল করে নয়, বরং সবাই মেসির কাছে যত গোল হজম করেছেন, উপহার হিসেবে ঠিক তত বোতল বিয়ারই পেয়েছেন।
মেসি সবচেয়ে বেশি ২১ গোল করেছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার সাবেক ব্রাজিলিয়ান গোলরক্ষক ডিয়েগো আলভেসের বিরুদ্ধে। তিনি ২১টি বিয়ারের বোতল পেয়েছেন।
এছাড়াও কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াস ও এসপানিওল ও অ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক গোলরক্ষক গোরকা ইরাইজোজ পাচ্ছেন ১৮টি করে বিয়ারের বোতল। তৃতীয় সর্বোচ্চ ১৭টি বোতল পাবেন ওসাসুনা ও ভিয়ারিয়ালের সাবেক গোলরক্ষক আন্দ্রেস ফার্নান্দেজ।
ইতালির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন মেসির দুটি গোল হজম করেছিলেন। তিনি দুটি বিয়ারের বোতল পেয়েছেন। যার গায়ে লেখা ৫১৪ ও ৫১৫।
বুডউইজারের দেয়া এ বিশেষ উপহারকে স্বীকৃতি হিসেবেই দেখছেন বুফন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, বিয়ারের জন্য বুডওয়াইজারকে ধন্যবাদ। আমি এটাকে প্রশংসা হিসেবেই নিয়েছি। অনেক বছর ধরে আমাদের দারুণ এক লড়াই চলছে! রেকর্ড ভাঙা ৬৪৪ গোলের জন্য অভিনন্দন মেসি! এটা সত্যিই অবিশ্বাস্য এক অর্জন।
বুফন ছাড়াও বিয়ারের বোতল উপহার পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইয়ান অবলাক (৪৮৮ নম্বর বোতল), কেপা আরিজাবালাগারাও (৫৪২ নম্বর বোতল)।
বার্তাবাজার/এস.জি