পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থীর দুই ভাই ও পুত্র যুবলীগ নেতা মাসুদ রানা সহ ৬০ কর্মী সমর্থকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার’র সমর্থকের দায়ের করা মামলা এবং আওয়ামী লীগ প্রার্থী আ: বারেক মোল্লার নামে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
কুয়াকাটা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল আলম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কুয়াকাটা পর্যটন এলাকার দৃশ্যমান উন্নয়ন ব্যাহত করার জন্য বিএনপি, জাপা (এ) সহ বারবার রাজনৈতিক খোলস পাল্টানো, ভূমি দস্যু, স্বতন্ত্র মোড়কে নির্বাচনে অংশ নেয়া জগ প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর বিরুদ্ধে বানোয়াট, মনগড়া অপপ্রচার চালাচ্ছে।
এছাড়া অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনী পরিবেশকে নষ্ট ও প্রশ্নবিদ্ধ করার জন্য ওই কুচক্রী মহলটি বিভিন্ন গনমাধ্যমে অপপ্রচার অব্যাহত রেখেছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে মহলটি রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। আলোচিত ওই ভূমি দস্যু গত পৌর নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে পরাজয় বরন করেন। জাতীয় সংসদ নির্বাচনে তিনি পটুয়াখালী-৪ আসনের জাপা (এ) মনোনীত প্রার্থী ছিল।
ভূমিদস্যু আনোয়ার হাওলাদার কখনও বিএনপি, কখনও জাতীয় পার্টি করা খোলস পাল্টানো নেতা। তিনি টাকা দিয়ে বর্তমানে নির্বাচনের শেষ মুহুর্তে ভোট কেনার অপচেষ্টা করছেন। এ ব্যাপারে স্বতন্ত্র মেয়র প্রার্থী অভিযুক্ত আনোয়ার হাওলাদারকে ফোন করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেন নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, কুয়াকাটা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মনির আহমেদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ, ফিরোজ সিকদার, কাউন্সিলর মো: হুমায়ুন কবির, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী সালমা কবির, শুভ্রা চক্রবর্ত্তী, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধ শতাধিক নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
অপরদিকে সংগঠন বিরোধী কর্মকান্ড ও নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধাচারন করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার অভিযোগে কলাপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান মোস্তফা কামালকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে।
উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সাইদ এর সত্যতা নিশ্চিত করেন।
বার্তাবাজার/এ.আর