দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার ৬

রাজধানীর দক্ষিণখান থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজধানী ঢাকার দক্ষিণখান থানাধীন ৫০ নং ওয়ার্ড গুলবার মুন্সি স্মরণী রোডস্থ এলাকায় কয়েকজন আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য বিপুল পরিমান সাপের বিষ নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল ৩.২০ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে চোরাচালান চক্রের সদস্য ১। মোঃ মাসুদ রানা (২৪) ২। মোঃ ছফির উদ্দিন শানু (৫০), ৩। মোঃ তমজিদুল ইসলাম মনির(৩৪), ৪। মোঃ আলমগীর হোসেন (২৬), ৫। ফিরোজা বেগম (৫৭), ৬। আসমা বেগম(৪২), কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে সাপের বিষ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসা করলে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাগের ভিতর তল্লাশি করে কাচের জারে রক্ষিত অবস্থায় ৮.৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা।

এছাড়াও তাদের সাথে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি নিদিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষ ব্যাপক চাহিদা থাকায় অধিক মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করে আসছে।

গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এছাড়াও আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে ভবিষ্যতেও র‌্যাব-২ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর