সীমান্তের খুনি ভারতের সাথে রাখিবন্ধনের কথা বলছেন কাদের: রিজভী

সীমান্ত হত্যা অব্যাহত থাকলেও তার প্রতিবাদ না করে ভারতের সাথে বাংলাদেশের রাখিবন্ধনের সম্পর্ক উল্লেখ করায় ওবায়দুল কাদেরের সমালোচনা করেছেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে কুড়িগ্রাম শহরে প্রচারনা চালানোর সময় তিনি এই সমালোচনা করেন।

রিজভী বলেন, ‘গতকাল (২৩ ডিসেম্বর) ভারতীয় হাই কমিশনারের সামনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখিবন্ধনে আবদ্ধ। কিন্তু কালকেই ময়মনসিংহের হালুয়াঘাটে এক বাংলাদেশীকে ভারতীয় বিএসএফ গুলি করে হত্যা করেছে। লালমনিরহাটেও একজন নারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। ওবায়দুল কাদের সাহেব যদি জনগণের ভোটে মন্ত্রী হতেন তাহলে প্রথমে এই ঘটনার প্রতিবাদ জানাতেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে রিজভী বলেন,‘ আপনি কড়া প্রতিবাদ না করে আপনি রাখি বন্ধনে আবদ্ধের কথা জানালেন। অথচ নদ-নদীতে পানি নাই আর প্রতিটি সীমান্তে আমাদের বাংলাদেশি ভাইকে হত্যা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তার জন্য আপনারা কোন কথা বলেন না।’

জেলা বিএনপি’র সভাপতি তাসভীর- উল ইসলাম, বিএনপি’র মেয়র প্রার্থী শফিকুল ইসলাম বেবু, সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য নেতারা নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর