লাইসেন্স না থাকা, কাঠ পুড়ানো ও বনবিভাগের জায়গা দখল করার অভিযোগে মের্সাস ফাইজা ব্রিক ম্যানুফ্যাকচার নামে একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ১০নং জাহাজমারা ইউনিয়নের কাটাখালী এলাকায় এই জরিমানার ঘটনা ঘটে।
জানা যায়, হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এটি এম সিরাজ উদ্দিনের মের্সাস ফাইজা ব্রিক ম্যানুফ্যাকচার নামে এই ইটভাটায় প্রতিনিয়ত জ্বালানী হিসাবে কাঠ পুড়ানো হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে যায়। এই সময় ইটভাটার ম্যানেজার ইব্রাহীম প্রয়োজনীয় কাগজ পত্র দেখাতে পারেনি। এছাড়া ইটভাটাটি দীর্ঘদিন বনবিভাগের জায়গা দখলেরও অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম ইটভাটার ম্যানেজার ইব্রাহীমকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেয়। পরে জরিমানার টাকা সাথে সাথে পরিশোধ করায় তাকে জেলে যেতে হয় নি।
এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান হোসেন বলেন, হাতিয়াতে যেসব ইটভাটা চলমান আছে আমরা শুনেছি কারো সঠিক কাগজ পত্র নেয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এ.আর