অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দিবারাত্রির টেস্ট ম্যাচে লজ্জার রেকর্ড গড়ে ভারত। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই অলআউট হয়ে যায় তারা। ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় স্বাগতিকরা।
আগামী ২৬ ডিসেম্বর (শনিবার) মেলবোর্নে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুইদল। প্রথম টেস্টের মত দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া ভারতকে উড়িয়ে দেবে বলে মনে করছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন।
ফক্স ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে শেন ওয়ার্ন বলেন, আমি মনে করি মেলবোর্নে ভারতকে উড়িয়ে দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
৩৬ রানে অলআউটের জন্য ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। তবে এজন্য অস্ট্রেলিয়ান বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত বলে জানিয়েছেন ওয়ার্ন।
তিনি বলেন, ভারতকে দোষ দেওয়া যায়। তবে আমাদের বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত। তারা অসাধারণ বল করেছে। দীর্ঘদিন ধরেই তারা ভালো বোলার, চমৎকার তাদের বোলিং আক্রমণ। নিজেদের সেরা বোলারের সারিতে নিয়ে যাচ্ছে তারা।
বার্তাবাজার/এস.জি