তিতাসের অভিযানে ৭শ’ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের অভিযানে সাতশত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

।। মোঃ আল মামুন খান, ষ্টাফ রিপোর্টার ।।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়ে সাতশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ করা হয় এবং অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত রাইজার ও পাইপ তুলে জব্দ করা হয়।

এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইনে এক লক্ষ ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

অভিযানের ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম জানান, আজ (বৃহস্পতিবার) কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে একটি অসাধু চক্র তিতাসের বৈধ উচ্চ চাপ বিশিষ্ট বিতরণ লাইন থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে দুই ইঞ্চি, দেড় ইঞ্চি এবং এক ইঞ্চি পাইপ ব্যবহার করে এই এলাকার বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়েছে। আজকের অভিযানের দ্বারা আমরা এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। এতে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপলাইন উচ্ছেদ হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ১২ ধারায় কয়েকটি মামলায় সর্বমোট এক লক্ষ কুড়ি হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।

অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাশিমপুর থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর