ঠাকুরগাঁওয়ে সীমান্তে গরু ব্যবসায়ীর অর্ধপোতা মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে সীমান্তে নদীর বালু চর থেকে অর্ধপোতা অবস্থায় রমজান আলী (৩০) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার নাগর নদীর বালু চর থেকে মৃতদেহটি উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিহত রমজান আলী ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামের মৃত ভাতু মোহাম্মদের ছেলে।

বৃহস্পতিবার ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল শহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে স্থানীয়রা ভারতীয় সীমান্তের উত্তর দিনাজপুর তিনগাঁও ক্যাম্পের ৩৭৫-এস পিলার এলাকার কাঁটাতারের এপারে বাংলাদেশের অভ্যন্তরে নাগর নদীর চরে রমজান আলীর মৃতদেহটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি মৃতদেহটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করে। মৃতদেহটি নদীর চরের বালুতে অর্ধপোতা অবস্থায় পাওয়া যায় এবং মৃতদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি অভ্যন্তরীণ ঘটনার কারণে হত্যাকান্ড না বিএসএফ হত্যা করেছে তা এ মুহুর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে বিজিবি ও পুলিশের যৌথ তদন্ত অব্যাহত থাকবে।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

এছাড়াও মৃত রমজান আলী গরু চোরাচালান দলেও সাথেও জড়িত ছিলো বলে জানান তিনি।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর