চট্টগ্রামে আনোয়ারায় অভিযান চালিয়ে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে হালিশহর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত ব্রিফিংয়ে আনোয়ারা হতে তিনজনকে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করার কথা জানান জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয় বলে জানান এসএম রশিদুল হক।
তিনি জানান, টেকনাফ থেকে চট্টগ্রাম নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া হ্নীলা এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫) নামে তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত দৃইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এসএম রশিদুল হক আরো বলেন, গ্রেফতার তিনজনের মধ্যে মাহমুদুল হক বিবিএ ও জাহেদ হোসাইন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ইব্রাহিম কৃষিকাজ করেন। তারা বহনকারী হিসেবে ইয়াবা নিয়ে আসছিলেন।
ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দীন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম শিকদার।
বার্তাবাজার/এ.আর