মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষাক্ত পটকা মাছ খেয়ে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা বউ- শ্বাশুড়ি হন। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে শ্রীমঙ্গল থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলেন, সদর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী সাহিদা বেগম (৪০) ও তার পুত্রবধূ নুরুন্নাহার (২৯)। নিহত নুরুন্নাহারের শিশুপুত্র নাঈম (৯) গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
স্থানীয়রা জানান, বুধবার (২৩ ডিসেম্বর) সকালে এক জেলে এই পটকা মাছ নিয়ে আসে। কেউ মাছ না রাখায় অনেক বার ঘুরাঘুরি করে আবার এই বাড়িতে এসে মাছ বিক্রি করে। এই জেলে তিন/চারদিন পরপর অত্র এলাকায় মাছ বিক্রির জন্য আসে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, নিহতদের মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে সবার প্রতি আমাদের পরামর্শ থাকবে বিষাক্ত মাছ পটকা না খাওয়ার জন্য।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস সালেক বার্তা বাজারকে বলেন, পটকা মাছ খাওয়ার পরে ফুড পয়জনিংয়ে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/এসজে