সেলেকাওদের জন্য খারাপ খবর। ঘরের মাঠে বসছে কোপার আসর। আর সেই টুর্নামেন্টেই কিনা খেলতে পারবেন না নেইমার। কাতারের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পান ব্রাজিলের পোস্টার বয়। স্ক্যান রিপোর্টে দেখা গেছে, তার ডান পায়ের গোড়ালির একটা লিগামেন্ট ছিঁড়ে গেছে।
ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, ‘নেইমারের চোট গুরুতর। সুস্থ হতে সময় লাগবে। কোপায় খেলতে পারবে না নেইমার।’
কাতারের বিরুদ্ধে প্রীতি ম্যাচে ব্রাজিল ২–০ ব্যবধানে জিতলেও কোপা আমেরিকার আগে নেইমারের চোট ব্রাজিলের কাছে বড় ধাক্কা। ১৭ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নেইমারকে।
২০১৪–র বিশ্বকাপ কোয়াটার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে কোমরে মারাত্মক চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন নেইমার। সেমিফাইনাল খেলতে পারেননি।
সময়টা সত্যিই ভাল যাচ্ছে না নেইমারের।সম্প্রতী জাতীয় দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। উঠেছে ধর্ষণের অভিযোগ। এবার চোট কোপা থেকে ছিটকে দিল নেইমারকে। তার পরিবর্ত এখনও ঘোষণা করেনি ব্রাজিল। ১৪ জুন থেকে হবে টুর্নামেন্ট।