বান্দরবান জেলা সদরের একটি মার্কেটে আগুন ধরে ১৩টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বান্দরবান সদরে কেএসপ্রু মার্কেটের একটি দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।
প্রতক্ষদর্শীদের দাবি, মার্কেটের একটি দোকানের পেছন থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে মার্কেট সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভুইয়া বলেন, আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি এবং আগুন নেভানোর কাজে নেমে যাই। সাথে এলাকাবাসীসহ, রেড ক্রিসেন্টের সদস্যরাও আগুন নেভাতে সাহায্য করেন। দীর্ঘ দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে মার্কেটে ১৩টি দোকান পুড়ে গেছে, তবে, ক্ষয়ক্ষতির সঠিক পরিমান তদন্ত করে জানিয়ে দেয়া হবে।
বার্তাবাজার/ই.এইচ.এম