লিগ শিরোপা ধরে রাখার অভিযানে পিএসজি দুর্দান্ত এক জয় পেয়েছে। পুরো ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলে স্ত্রাসবুরকে উড়িয়ে দিয়েছে টমাস টুখেলের দল। বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে শিরোপাধারীরা।
ম্যাচটিতে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপে, তিমোথি পেমবেলে, ইদ্রিসা গেয়ি ও মোইজি কিন। শুরু থেকে স্ত্রাসবুরকে চেপে ধরে চ্যাম্পিয়নরা। বল দখলে একচেটিয়া আধিপত্য করা দলটি গোলের দেখা পায় ১৮তম মিনিটে। অফসাইডের ফাঁদ এড়িয়ে বাঁ দিক থেকে কুলাঁ দেগবার বাড়ানো বল ডি-বক্সে খুঁজে পায় আনহেল দি মারিয়াকে। আর্জেন্টাইন তারকার শট গোলরক্ষক ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি, কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান ফরাসি ডিফেন্ডার পেমবেলে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে শিরোপাধারীরা। ৫৮তম মিনিটে ডি-বক্সে এমবাপের বাড়ানো বল ফাঁকায় পেয়ে পা ছোঁয়াতে পারেননি রাফিনিয়া।
শেষ দিকে ১২ মিনিটের মধ্যে ৩ গোল করে বড় জয় নিশ্চিত করে টুখেলের দল। পরে ৮৮তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে অসাধারণ এক গোল করেন গেয়ি। আর যোগ করা সময়ে জালের দেখা পান কিন।
বার্তাবাজার/পি