বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয়, জানেনা সরকারের কেউ!

সরকারের কাছ থেকে অনুমোদন না দিয়েই উত্তরের জেলা নীলফামারীর সৈয়দপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, যেন এখানে কেউ ভর্তি না হয় ও চাকরির প্রলোভনে না পড়ে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) ইউজিসি থেকে পাঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনহীন ও অবৈধ এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে সংশ্লিষ্টদেরকে বলা হয়েছে।

জানা যায়, অনুমোদন ছাড়াই স্থাপিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা হিসাবে আছেন এ বি এম শরিফুজ্জামান শাহের নামের এক ব্যক্তি। তিনি নিজে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য বনে গিয়েছেন। তবে তার সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য কেউ জানতে পারেনি।

বিশ্ববিদ্যালটিতে বিভিন্ন পদে নিয়োগের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বিভিন্ন পত্রিকায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পদগুলো হচ্ছে- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বাংলা, ইংরেজি, আইন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, গণিত, পরিসংখ্যান, পদার্থ, রসায়ন, ব্যবস্থাপনা, মার্কেটিং, হিসাববিজ্ঞান, বিবিএ, ইলেকট্রনিকস অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন বিষয়ে একজন করে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক, ও দুই জন করে প্রভাষক।

এছাড়াও উপ উপাচার্য, রেজিস্ট্রার, উপ রেজিস্ট্রার, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটরসহ অন্যান্য পদেও নিয়োগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আবেদনকারীরা যেন আবেদনপত্রের সাথে সোনালী ব্যাংকে ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটস জমা দেন সেই কথাও উল্লেখ করা হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজে প্রতিষ্ঠাতা হিসাব নাম পাওয়া যায় সংরক্ষিত নারী আসনের সাংসদ রাবেয়া আলীমের। এ বিষয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সদস্য অধ্যাপক ডা. বিশ্বজিত জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য আমাদের কাছে নেই। এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর