প্রতিবন্ধী রিকশা চালককে পিটিয়ে মারলেন পুলিশ কনস্টেবল!

রংপুর নগরীর আশরতপুর কোটপাড়া এলাকায় নাজমুল ইসলাম (৩০) নামে এক প্রতিবন্ধী রিকশা চালককে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগে উঠেছে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের কনস্টেবল হাসান আলীর নামে।

অভিযুক্ত হাসান আলীর বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি রংপুর নগরীর আশরতপুর কোটপাড়া এলাকায় পরিবারের সাথে বসবাস করেন।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটেছে। বিক্ষুদ্ধ জনতা ওই পুলিশ সদস্যের বাড়ি ঘেরাও এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য হাসান আলী ও তার স্ত্রী সাথীকে আটক করেছে পুলিশ।

সূত্র জানায়, নিহত নাজমুল ইসলামের বাড়ি লালমনিরহাটের মুস্তফি এলাকায়। শারীরিক প্রতিবন্ধী নাজমুল রংপুর নগরীর আশরতপুর ঈদ্গাহ পাড়ায় একটি ভাড়া বাড়িতে থেকে ভাড়া নিয়ে ব্যাটারি চালিত রিকশা চালাতেন। তিনি যে রিকশাটি চালাতেন তার মালিক ছিল অভিযুক্ত পুলিশ সদস্য হাসান আলী।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে রিকশা নিয়ে বাকবিতণ্ডা হয় হাসান আলী ও নাজমুলের। এক পর্যায়ে নাজমুলকে বেধরক মারপিট করেন হাসান আলী। মারের কারণে নাজমুলের অবস্থা গুরুতর হলে তাকে কোটাপাড়ার বাসায় নিয়ে যায় সে। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে হাসান আলীর ওই বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় নাজমুলের মৃতদেহ।

এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভে ফেঁটে পড়েন। তারা রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করলে তাজহাট থানা থেকে পুলিশ সদস্যরা আসে। স্থানীয় লোকজন থানা পুলিশ সদস্যদেরকেও অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয়দের দাবি, নাজমুলকে হত্যার পর মৃতদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে পুলিশ সদস্য হাসান আলী।

এ বিষয়ে তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর