বরিশালের ৬টি জেলায় বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে হাতে তুলে দেওয়া হবে ঝাকঝকে নতুন বই। নতুন বছরের হিসাব মতে এই বিভাগে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে শিক্ষার্থী রয়েছে প্রায় ১২ লাখ। তাদের জন্য বরাদ্দ করা হয়েছে ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বই।
বরিশালের প্রাথমিক শিক্ষা বিভাগ জানায়, বিভাগে নতুন বছরে মোট বই দেওয়া হবে ৫০ লাখ ২২ হাজার ৬২১ কপি বই। তবে প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ‘আমার বই’ নামে ১ লাখ ৯৯ হাজার ৪১৪ কপি বই বরাদ্ধ হবে। একইসাথে এই বিশেষ শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমান সংখ্যক অনুশীলন খাতাও দেওয়া হবে।
বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. আরিফ বিল্লাহ জানান, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের প্রথম দিন কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের বই তুলে দেওয়া হবে। এজন্য শিক্ষার্থীদের সমাগম এড়িয়ে তাদের বাড়িতেই পৌছে দেওয়া হবে বইগুলো।
তিনি আরও জানান, বিভাগের জন্য বরাদ্দকৃত বই বিভিন্ন জেলা উপজেলায় ইতোমধ্যে পাঠানো হয়েছে। সেখান থেকে ক্লাস্টার অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়েও পৌঁছানো হয়েছে।
বার্তাবাজার/এসজে