নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অনিয়ম ও অভিযোগের তীর ছুঁড়ে রাষ্ট্রপতি বরাবর সম্প্রতি চিঠি দিয়েছেন দেশের ৪২ বিশিষ্ট নাগরিক। এবার তাদের সাথে একাত্মতা পোষণ করেছেন গণফোরাম সভাপতি ও বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। একই সাথে দলের সাধারণ সম্পাদক ড. রেজ কিবরিয়াও সমর্থন দিয়েছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেন, দেশের দেশের প্রথিতযশা ৪২ জন নাগরিক সম্প্রতি এক বিবৃতিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও গুরুতর অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আব্দুল হামিদের কাছে। আমরা বিশিষ্ট ওই নাগরিকদের যৌক্তিক দাবি ও প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।
প্রকাশিত বিবৃতিতে নেতৃবৃন্দ আরও জানায়, নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও নির্বাচন সংক্রান্ত গুরুতর অভিযোগ কারও কাম্য ছিল না। এটা জাতির জন্য কলঙ্কময় ও দুর্ভাগ্যজনক।
গণফোরাম থেকে বলা হয়, ইসির বিরুদ্ধে ক্রয় ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনে গুরুতর অসদাচরণ ও অনিয়মের অভিযোগে ইসির প্রতি জনগণের আস্থার সংকট দেখা দিয়েছে। আমরা রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।
বার্তাবাজার/এসজে