রাজৈরে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ও দেশীয় অস্ত্রসহ সেহাগ মৃধাকে (৩২) গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে টেকেরহাট বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাংগোর গ্রামের রুহুল আমিন মৃধা ওরফে রাঙ্গু ডাকাতের ছেলে।

বুধবার দুপুরে রাজৈর থানার ওসি মো. শেখ সাদিক এক প্রেস ব্রিফিংএ জানান, বরিশালের একটি সংঘবদ্ধ ডাকাত দল গভীর রাতে মাদারীপুর ও ফরিদপুর এলাকায় এসে ডাকাতি ও বন্ধ ঘরের তালা কেটে মালামাল নিয়ে নিজ এলাকায় ফিরে যায়। এ কাজে তারা একটি পিকআপ, একটি প্রাইভেটকার এবং কয়েকটি মোটরসাইকেল ব্যবহার করে থাকে। তারা পিকআপটি টেকেরহাট হাজী আছমত ফিলিং ষ্টেশনে কাউকে না জানিয়ে রেখে যায়। পরে রাতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় টহল পুলিশ অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করে। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পিকআপ থেকে রাম দা, কাটার এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, এরা ডাকাতিসহ বিভিন্ন চক্রের সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বাবাও একজন পেশাদার ডাকাত ছিল। সোহাগের নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকসহ ৫টি মামলা রয়েছে। এব্যাপারে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা রুজু হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর