ফরিদপুরে চিনিকল শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকল’। চিনিকলে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি এবং আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা, আখ উৎপাদনের স্বার্থে সার, বীজ, কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শ্রমিক-কর্মচারীরা।

বুধবার দুপুরে চিনিকলের প্রধান ফটকে চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এবং আখচাষী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়।

চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যান সংস্থার সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট আখচাষী আব্দুল হাই বাশি, শ্রমিক নেতা আ. বারিক প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিনিকলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা ৫ দফা দাবি মেনে নিয়ে ১৫ টি চিনিকল সচল রাখার আহবান জানান, অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর