টঙ্গীতে ডাস্টবিন অপসারণের দাবিতে এলাকবাসীর মানববন্ধন, কাউন্সিলরের বাঁধা

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী ৪৭নং ওয়ার্ডের এলাকাবাসী মেয়র মহোদয়ের অঙ্গীকার, গ্রীন সিটি ও ক্লিন সিটি হোক সবার, ডাস্টবিন অপসারণ চাই এই স্লোগানে মানববন্ধন করেছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় টঙ্গীর পূবাইল সড়কের শিলমুন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চলাকালীন সময় স্থানীয় কাউন্সিলর সাদেক আলী দলবল নিয়ে মানববন্ধনে বাঁধা সৃষ্টি করে। এ সময় ক্ষিপ্ত হয়ে মেয়রের দালালের হাত থেকে রক্ষা চাই বলে স্লোগান দিতে থাকেন এলাকাবাসী।

ঘটনাস্থলে টঙ্গী পূর্ব থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে।

মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত ডাম্পিংয়ের জায়গায় ময়লা না ফেলে টঙ্গী-কালীগঞ্জ সড়কের উপর ময়লা ফেলার কারণে ৪৭নং ওয়ার্ড এলাকাবাসীর বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। সাধারণ মানুষ এলাকার রাস্তা দিয়ে চলাফেরায় ব্যাঘাত ঘটছে। আশেপাশের অসংখ্য ফ্যাক্টরির শ্রমিকরা ময়লার দুর্গন্ধের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। সড়কের পাশে ভ্যানগাড়ি দিয়ে ময়লা-আবর্জনা ফেলার কারণে রাতে যানবাহন চলাচলের সময় পথচারীদের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে অনেকবার। কিছু কিছু সময় ময়লা আবর্জনা থেকে হঠাৎ করে আগুন লেগে এলাকাবাসীর ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। দৃষ্টি দিচ্ছে না স্থানীয় জনপ্রতিনিধি।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সাদেক আলী বলেন, আমি বৈধ জনগণের প্রতিনিধি। আমার সাথে তারা পরামর্শ না করে মানববন্ধন করেছে, তাই আমি বাঁধা দিয়েছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেটিআইএর শ্রমিক নেতা মো. আবেদ আলী, ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, শ্রমিক নেতা জালাল, দাউদ, শহিদ প্রমুখ।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানায়, মানববন্ধন চলাকালীন সময়ে স্থানীয় কাউন্সিলর ও তার লোকজন নিয়ে বাঁধা দিলে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর