ভাস্কর্য বিরোধী রাষ্ট্রদ্রোহীদের আইনের আওতায় আনাসহ মৌলবাদীদের বিরুদ্ধে রাজনৈতিক-সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় জেলার জিরো পয়েন্ট সাতমাথায় ওই কর্মসূচীর আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
এসময় কর্মসূচীতে বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি সাবেক এমপি রেজাউল করিম তানসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সহ-সভাপতি জাহিদুল ইসলাম খান লজে, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতন, মুক্তিযোদ্ধা আজিজুল হক খান বুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু এবং সদর থানা জাসদের সভাপতি হারুনুর রশিদ। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা সংবিধান, ইতিহাস-ঐতিহ্য-ভাস্কর্য বিরোধী রাষ্ট্রদ্রোহীদের দ্রুত আইনের আওতায় আনাসহ রাজনৈতিক মোল্লা-ধর্মব্যবসায়ী-ফতোয়াবাজদের বিরুদ্ধে রাজনৈতিক-সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বার্তাবাজার/এ.আর