ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়নে দোসাইদ বাজার এলাকার সামনে এই অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জনগনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিলো। অবশেষে রাস্তার সেই অংশটুকু ঢালাইয়ের মাধ্যমে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
বুধবার (২৩ ডিসেম্বর) সরেজমিন দোসাইদ এলাকায় গিয়ে দেখা যায়, এতদিন এই পথে চলাচলে সাধারণ মানুষের যে নাভিঃশ্বাস উঠতো, সংস্কারের ফলে রাস্তাটি দিয়ে খুব সুন্দরভাবে যানবাহন চলাচল করছে।
এব্যাপারে স্থানীয় আব্দুর রহমান জানান, এই রাস্তার কারণে আমাদের এখানকার বাজারের মালামাল আনা-নেওয়া করতে অনেক কষ্ট হতো। সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যেতো রাস্তার এই অংশ। তাছাড়া খানা-খন্দকে পূর্ণ থাকায় এই রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হওয়াসহ ভয়াবহ জ্যামের কারণ হয়ে দাঁড়াতো। এখন রাস্তাটি করাতে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে।
আশুলিয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর জানান, আসলে সিএন্ডবি থেকে আশুলিয়া চলাচলের একমাত্র রাস্তাটির কিছু অংশ সংস্কারের অভাবে ভোগান্তির কারণ হয়েছিলো। বিষয়টি আমরা কর্তৃপক্ষের নজরে আনার পরে রাস্তার সংস্কার কাজ শেষ হয়েছে। এভাবে আমার ইউনিয়নের রাস্তাঘাটের ভিতরে যেগুলো ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, ইনশাআল্লাহ দ্রুত সেগুলোর সংস্কার কাজ করা হবে।
বার্তাবাজার/এ.আর