দুর্ভাগ্য পিছু ছাড়ছে না সাইফউদ্দিনের

দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। কিছুদিন আগেই গোড়ালির চোটে পড়েছিলেন তিনি।

চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে কিছু ম্যাচ খেলেছিলেন তিনি। কিন্তু এখনও সেই চোট বয়ে বেড়াচ্ছেন তিনি। লিগামেন্টের জটিলতায় এবার সাইফউদ্দিনকে তিন সপ্তাহ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টুর্নামেন্ট শেষে এমআরআই করানোর পর সাইফউদ্দিন জানতে পারেন তার লিগামেন্টে কিছু জটিলতা আছে। বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাইফউদ্দিন নিজেই এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, টুর্নামেন্ট চলাকালীন বায়ো বাবলে থাকার কারণে তখন এমআরআই করতে পারিনি। টুর্নামেন্ট শেষে এমআরআই করি। লিগামেন্টে কিছু সমস্যা ছিল যা আমি অনুভব করছিলাম। লিগামেন্টের সমস্যা হওয়ার পর এখন দেবাশীষ স্যার, ফিজিও শাওন ভাই, বায়েজিদ ভাই তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। তাদের প্লান অনুযায়ী আগাচ্ছি।

তিনি আরও বলেন, লিগামেন্টের সমস্যা গ্রেড ১ নাকি ২ তা জানি না। আমাকে তিন সপ্তাহের মতো উনাদের পর্যবেক্ষণে থাকতে হবে। এরপর আমার কিছু টেস্ট নেবে বোলিং টেস্ট বা রানিং, ফিটনেস ওভারঅল।। সব ঠিকঠাক হলে ছাড়পত্র পাব।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর