ইসির তফসিল অনুযায়ী আগামী বছরের ১৬ জানুয়ারি পৌরসভার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ২০ ডিসেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।
তবে এদিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিল পদে ১৪৭ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) মেয়র পদে ৩১ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৯১ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫ জন প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করেছে।
জানা গেছে, গত রোববার (২০ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মেয়র পদে ২৬২ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৬৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তিন পদে মোট ৩ হাজার ৫৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্য থেকে ১৪৭ জনের মনোনয়ন বাতিল হওয়ায় এখন বৈধ প্রার্থী ৩ হাজার ৪১৫ জন।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বলেছেন,মনোনয়ন বাতিল ১৪৭ জন চাইলে তারা সবাই-ই আপিল ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। আপিল ট্রাইব্যুনালেও সন্তুষ্ট না হলে পুনরায় তারা কোর্টেও আবেদন করতে পারবে।
আসন্ন দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি এসব পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। এ ধাপে ২৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকি ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।
বার্তাবাজার/এ.আর