ইবিতে হল বন্ধ রেখেই হবে অনার্স-মাস্টার্স পরীক্ষা

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) চূড়ান্ত পরীক্ষা গ্রহনের অনুমতি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। বিভিন্ন বিভাগ তাদের নিজস্ব রুটিন অনুযায়ী এ পরীক্ষা নিবে। শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। তবে বিভাগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের পরিবহন সুবিধা দেয়া হবে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এতে সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ জানান, একাডেমিক কাউন্সিলের সভায় স্বাস্থ্যবিধি মেনে অসমাপ্ত চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করার অনুমতি দেয়া হয়েছে। তবে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজ দায়িত্বে এসে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। সভায় অন্যান্য বর্ষের পরীক্ষার ব্যাপারে কোনো সিন্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষার্থী কোভিড-১৯ আক্রান্ত হলে বিশ্ববিদ্যালয় থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কোন দায় দায়িত্ব নেবে না।

এদিকে হল বন্ধ রেখে পরীক্ষার সিন্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, সীমিত পরিসরে হলেও হলগুলো খোলা রেখে পরীক্ষা নেয়ার অনুরোধ করছি। আমরা মেয়েরা যারা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে ক্যাম্পাসে যাবো, আমাদের নিরাপত্তা কে দিবে?

অপর এক শিক্ষার্থী বলেন, আবাসিক হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তটা আসলেই দুঃখজনক। হল বন্ধ থাকলে শিক্ষার্থীদের বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা চরমভাবে উপেক্ষিত হবে। এমন সিদ্ধান্তের প্রতি চরম নিন্দা জ্ঞাপন করি।

উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ১৮ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে হলও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এরআগে গত ৯ ডিসেম্বর আংশিক ও পূর্ণাঙ্গ পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর