ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলায় দায়ের করা মামলায় জামিন পাননি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) মামলার শুনানি শেষে তাদের করা জামিন আবেদন নামঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
এর আগে গত ৭ ডিসেম্বর তাদেরকে দু’দিনের রিমান্ড শেষে হাজির করা হয় আদালতে। মামলার তদন্ত কর্মকর্তা তখন আবেদন করেন, তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত যেন তাদেরকে কারাগারে আটক রাখা হয়। আবেদনের প্রেক্ষিতে তাদেরকে কারাগারে প্রেরণের আদেশ দেন মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল।
তার আগে আসামিদ্বয়কে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উভয়ের ৫ দিন করে রিমান্ড চান। শুনানি শেষে তাদেরকে দু’দিন করে রিমান্ডে পাঠান মহানগর হাকিম শহিদুল ইসলাম।
উল্লেখ্য, ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণের সহযোগীতা ও ধর্ষণের মামলা দায়ের করেন ডাকসুর সাবে ভিপি নুরুল হক নূরসহ ৬ জনের নামে। মামলায় ধর্ষণে সহযোগিতাকারী হিসাবে নূরের নাম উল্লেখ করা হয়। প্রধান আসামি করা হয় সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুনকে।
মামলায় অপর আসামিরা হলেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ, ঢাবি শাখার সহ-সভাপতি নাজমুল হুদা ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আব্দুল্লাহ হিল বাকি।
বার্তাবাজার/এসজে