সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু কাপে আগ্রাসী মাহমুদউল্লাহ রিয়াদকে দেখেছে ক্রিকেট ভক্তরা। প্রথম কোয়ালিফায়ারে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৯ বলে ৩০ রানের ইনিংস খেলেছিলেন জেমকন খুলনার এই অধিনায়ক।
ফাইনালে তার ব্যাট থেকে আসে ৭০ রানের দুর্দান্ত ইনিংস। মাহমুদউল্লাহ নিজে এমন ব্যাটিংটাই ধরে রাখতে চাইবেন। মাহমুদউল্লাহর এমন আগ্রাসী ব্যাটিংয়ের পেছনে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ভিডিও বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন।
মুম্বাই থেকে মাহমুদউল্লাহর ভিডিও বিশ্লেষণ করে তার সমস্যার কথা জানান শ্রীনিবাস। সে অনুযায়ী কাজ করে সফল হয়েছেন মাহমুদউল্লাহ। ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে মাহমুদউল্লাহ বলেন, প্রথম কোয়ালিফায়ারের আগে শ্রীনির সঙ্গে কথা বলি। পাওয়ার হিটিংয়ের সময় আমার ব্যাটিংয়ে কিছু একটা নেই শুনে বিস্মিত হলাম।
তিনি বলেন, ভিডিও দেখে মনে হলো, কিছু একটা নেই। এরপর শ্রীনি কিছুটা সময় নিয়ে ভিডিওগুলো দেখলেন। তিনি নিজের মতামত দেন। তার সঙ্গে কথা হলো। আমার কাঁধ দ্রুত উপরে উঠে যাচ্ছে।
চন্দ্রশেখরনের পরামর্শ পেয়ে ভুলগুলো নিয়ে কাজ করেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহকে পরামর্শ দেয়া প্রসঙ্গে শ্রীনি বলেন, বঙ্গবন্ধু কাপে আমি সবার দিকেই নজর রাখছিলাম। দেখলাম মাহমুদুল্লাহ রিয়াদ তার পছন্দের পিক-আপ শটটা খেলতে পারছেন না।
তিনি আরও বলেন, আমি টিভিতে একই সঙ্গে নিদাহাস ট্রফির সম্প্রচার এবং মোবাইলে বঙ্গবন্ধু টি-২০ কাপের লাইভ দেখে সমস্যাটা বুঝতে পারি। আমি তার ব্যাটিংয়ের সব ভিডিও দেখছি। সবকিছু বিশ্লেষণ করে সবগুলো ভিডিওর তুলনা করেছি। ভিডিওগুলোতে তার একটি প্রচলিত প্রবণতা ছিল। আমি তাকে এই সকল জিনিসগুলো পাঠিয়েছিলাম। এরপর সে আমাকে বলেছিল আগামীকাল অনুশীলনে এগুলো প্রয়োগের চেষ্টা করব।
বার্তাবাজার/এস.জি