আ’লীগ বাড়িতে অস্ত্র তৈরীর কারখানা!

ঝিনাইদহের শৈলকূপায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় অস্ত্র বানানোর দুই কারিগরকেও আটক করা হয়।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলামের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রের মধ্যে রয়েছে ১৭টি ঢাল, ৪৭টি সড়কি, ১০-১২ কেজি বেত ও অস্ত্র তৈরীর অন্যান্য সরঞ্জাম।

জানা যায়, দীর্ঘদিন ধরে এই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব দেশীয় অস্ত্র ব্যবহার করে দাঙ্গার ঘটনা চলে আসছে। সম্প্রতি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বিভিন্ন তৎপরতা চালাচ্ছে।

এরই মাঝে গোপন সংবাদে জানা যায় চেয়ারম্যান নজরুল ইসলামের গ্রামের বাড়িতে দেশীয় অস্ত্রের সন্ধান। সেই প্রেক্ষিতে শৈলকূপা থানা ও হাটফাজিলপুর পুলিশ ক্যাম্প মঙ্গলবার সকালে অভিযানে নামে। অভিযানেই এসব অস্ত্র উদ্ধার করা হয়।

তবে এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। তার নাম্বারে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

শৈলকূপা থানার হাটফাজিলপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক ফারুক হোসেন জানান, বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের পুরাতন বাড়ি থেকে এইসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই কারিগরকেও আটক করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর