প্রধান শিক্ষকের চেয়ারে বসে মাদক সেবন করেন দপ্তরী!

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪ নং মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দপ্তরী হিসাবে কর্মরত আছেন রানা চৌধুরী নামের এক যুবক। রাতের বেলা তিনি অবস্থান করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কার্যালয়েই। কিন্তু মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে পাওয়া এক ভিডিওতে দেখা যায় তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসে বেশ আয়েশ করে মাদক সেবন করছেন। সাথে স্থানীয় কিছু যুবক।

স্থানীয়দের ভাষ্য, এই বিদ্যালয়ে নৈশ প্রহরী পদে চাকরি পাওয়ার অনেক আগে থেকেই মাদকের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল রানার। প্রতিরাতে স্কুল ভবনেই জমান জুয়া ও মাদকের আসর। ইতোপূর্বে রানার এমন অপকর্মের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের কাছে দেওয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে তিনি বিষয়টাকে আমলে নেননি।

প্রধান শিক্ষক শামসুল হক জানান, রানা ইয়াবা সেবন করে এমন অভিযোগ আমি পেয়েছি। বিদ্যালয় খোলা হলেই ওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

তবে এ বিষয়ে অভিযুক্ত রানা কোনো কথা বলতে রাজি হয়নি।

জেলা শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ জানান, আমি এই অভিযোগ শুনেছি। তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর