রক্তদানে নেত্রকোনা সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ

মানুষের পদচারণায় দিনরাত মুখর থাকে নেত্রকোনার মুক্তারপাড়া ব্রীজ সংলগ্ন কৃষি ফার্ম জামে মসজিদের সামনের এলাকাটি। হাজারো মানুষের উপস্থিতির মধ্যে ছিন্নমূল মানুষের আনাগোনাও কম নয়। তাঁদের অনেকের শরীরে পোশাক নেই। আবার অনেকে ছেঁড়া পোশাক পরে জীবন টেনে নেয়। পোশাক কেনার সামর্থ্য নেই।

রক্তদানে নেত্রকোনা সংগঠনের ব্যানারে একদল তরুণ-তরুণীর এমন সব মানুষের সাহায্যে হাত বাড়ানোর ভাবনা থেকে নেত্রকোনা বিএডিসি জামে মসজিদের সামনে এক খণ্ড দেয়াল বেছে নিয়েছে। আকারে এক খণ্ড হলেও দেয়ালটি মানবতায় ভরপুর। তাই দেয়ালটির নাম দেওয়া হয়েছে ‘মানবতার দেয়াল’।

এই দেয়ালের একজন উদ্যোক্তা মাকসুদুল হাসান জনি জানান, অনেকেই পুরাতন বস্ত্র এখানে দিয়ে যান। যাঁদের বস্ত্র প্রয়োজন তাঁরা এসে এই দেয়াল থেকে প্রয়োজনীয় কাপড়টি নিয়ে যান। দান করা কাপড়ে চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছেনা। পুরাতন কাপড়ের সন্ধানেও উদ্যোক্তারা ছুটে যাচ্ছেন মানুষদের বাসা বাড়িতে।

সংগঠনের আরেক উদ্যোক্তা শেখ অলি আহমেদ রনি জানান, গত সাত দিনে মোট ২০০ পিচের মত কাপড় এখান থেকে বিতরণ হয়ে গেছে। শীত যেতে আরো অনেকদিন বাকি। মানবতার দেয়ালে একটি কাপড়ও নেই। সবাই যদি তাদের পরিত্যক্ত পুরাতন কাপড়গুলো আমাদের দান করতো তাহলে এই শীতে ভাল থাকতো অসহায় সুবিধাবঞ্চিত মানুষগুলো। প্রয়োজনে আমরা বস্ত্রগুলো বাসাবাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে আসতাম।

আয়োজকদের আশা, এই দেয়ালের মাধ্যমে একসময় মানবতা ছড়িয়ে পড়বে সর্বত্র। তারা মনে করেন এ উদ্যোগটির মাধ্যমে সমাজের সকলের সুপ্ত বিবেক জেগে উঠবে।’

মানুষের জন্যেই মানুষ এই চিন্তা থেকেই ২০১৪ সাল থেকে রক্তকনিকা এবং ২০১৭ থেকে রক্তদানে নেত্রকোনা নামে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।
বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর