ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকির চোটে পড়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে খেলা হয়নি ওয়ার্নারের।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে খেলার ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন ওয়ার্নার। কিন্তু বক্সিং ডে টেস্টের জন্য নিজেকে ফিট প্রমাণ করতে পারেননি ওয়ার্নার।
যার ফলে বক্সিং ডে টেস্টেও তাকে ছাড়া মাঠে নামতে হবে অস্ট্রেলিয়ার। আগামী বছরের ৭ জানুয়ারী থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে ওয়ার্নারকে।
চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৬ রানেই অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়ে ভারত। সেখান থেকে ঘুরে দাঁড়াতে মাঠে নামবে তারা।
দ্বিতীয় টেস্টে ভারতের একাদশে একাধিক পরিবর্তন আসতে যাচ্ছে। পিতৃকালীন ছুটিতে দেশে ফিরে গেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। চোটের কারণে সিরিজ শেষ পেসার মোহাম্মদ শামির। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার।
বার্তাবাজার/এসজি