রাজশাহী মহানগরীতে ১৭টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা। এই ঘটনায় স্বর্নের বারগুলোর মালিক দাবি করা দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- ধীরেন ধর ও জিতেন ধর। তারা উভয়ই পুঠিয়া উপজেলার বাসিন্দা।
জিতেন দাবি করছেন, সোমবার বিকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শিরোইল এলাকায় তাদেরকে অস্ত্র ঠেকিয়ে কয়েকজন যুবক স্বর্ণের বারগুলো নিয়ে যায়। প্রতিটা বারে ১০ ভরি পরিমাণ স্বর্ণ থাকায় মোট ছিনতাইকৃত স্বর্ণের পরিমাণ ১৭০ ভরি।
তিনি আরও জানান, ফেনী থেকে রাজশাহীর এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়ায় জন্য বারগুলো নিয়ে আসেন ধীরেন। শিরোইল এলাকায় বাস থেকে নেমে তারা বালিয়াপুকুর এলাকায় ওই ব্যবসায়ীর বাসায় যাচ্ছিলেন। পথেই ঘটে ছিনতাইয়ের ঘটনা।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনা জেনে বিস্তারিত বলা হবে।
বার্তাবাজার/এসজে