মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের উন্নতি

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের ২ ধাপ উন্নতি হয়েছে। বিশ্বের ১৮৯টি দেশের মাঝে এখন বাংলাদেশের অবস্থান ১৩৩ তম। গতবছর এই অবস্থান ছিল ১৩৫-এ।

সোমবার (২১ ডিসেম্বর) ঢাকায় এনইসি সন্মেলন কক্ষে ইউএনডিপির প্রকাশিত ‘মানব উন্নয়ন প্রতিবেদন-২০২০’ থেকে এই তথ্য জানা গেছে। প্রতিব্দেওন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী জানান, ইউএনডিপি প্রতিবছর এ রিপোর্ট প্রকাশ করে। তবে সার্বিকভাবে বাংলাদেশ ভালো করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিবছর বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, আয় ও সম্পদের উৎস, বৈষম্য, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে মানব উন্নয়ন সূচক তৈরি করে ইউএনডিপি। এসব মানদন্ডে এবার বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে স্কোর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩২, যা গত বছর ছিল শূন্য দশমিক ৬১৪। যে দেশ পূর্ণসংখ্যা ১-এর যত কাছাকাছি সে দেশ মানব উন্নয়ন সূচকে তত উন্নত ধরা হয়। ১৯৯০ সাল থেকে এ প্রতিবেদন প্রকাশ করে আসছে ইউএনডিপি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, মানব উন্নয়নে বাংলাদেশের অর্জন অসাধারণ। ১৯৯০ হতে ২০১৯ সাল পর্যন্ত এই ৩০ বছরে বাংলাদেশের মানব উন্নয়ন সূচক শতকরা ৬০ দশমিক ৪ ভাগ বৃদ্ধি পেয়েছে। ২০১৯ সালে বাংলাদেশের সূচকের মান মধ্যম সারির দেশগুলোর গড়
মানের চেয়ে বেশি ছিল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, ইউএনডিপ’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুদীপ্ত মুখার্জ্জী, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর