ভাঙা হবে ঢাবি টিএসসি ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি ভবনটি ভেঙে নতুন করে তৈরী করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর ও সরকারের গণপূর্ত অধিদফতর সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।

সূত্রটি জানায়, সম্পূর্ণ আধুনিকভাবে ঢাবি টিএসসিকে দেখতে চান প্রধানমন্ত্রী। তিনিই সংশ্লিষ্টদেরকে ভবনের জন্য নতুন নকশা প্রণয়নের নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে সরকারের গণপূর্ত অধিদফতর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এ বিষয়ে একটি চাহিদাপত্রও নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগকে নতুন ভবনের সুবিধাদির বিষয়ে একটি তালিকা দিয়েছেন টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর।

সূত্র মতে জানা যায়, টিএসসি কেন্দ্রীক বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য আধুনিক কক্ষ, সাংস্কৃতিক কাজের মহড়ার জন্য কক্ষ, আলাদা ক্যাফেটেরিয়া, ব্যায়ামাগার, আন্তঃক্রীড়াকক্ষ, গাড়ি পার্কিংয়ের জন্য তিন তলা বিশিষ্ট পার্কিং জোন, শিক্ষক মিলনায়তন, অতিথিকক্ষসহ বেশকিছু আধুনিক সুবিধা।

এছাড়া দেড় হাজার লোক ধারণ ক্ষমতার একটি ও ৩০০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন দু’টি মিলনায়তন করা হবে। এই কমপ্লেক্সে সুইমিং পুলও থাকবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর এক ভার্চুয়াল সভায় ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ১৯৬৪ সালে টিএসসি নির্মাণকালে এর শিক্ষার্থী ছিল ৩ হাজার ৮০০, শিক্ষক ছিল ২০০ জনের মত। এখন শিক্ষকের সংখ্যা ২ হাজারের বেশি। ৪০ হাজারের উপর শিক্ষার্থীও আছে। কিন্তু টিএসসি আগের মতই রয়ে গেছে। তাই নতুন করে টিএসসি স্থাপনের জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর