ঠাকুরগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে তোয়াবুর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গত রবিবার বিকেলে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের হরিহরপুর গ্রামের মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের পেছনে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী খাইরুমা বেগম জানান, জমি নিয়ে তার স্বামী তোয়াবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের শহিদ হোসেনের বিরোধ ছিল। রবিবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে মেহগুনি গাছ লাগিয়ে জবরদখলের চেষ্টা করে প্রতিপক্ষ শহিদ ও তার দলবল। এ সময় তোয়াবুর রহমান বাধা দিতে গেলে শহিদ হোসেন ৮ থেকে ১০ জন লোক নিয়ে তার ওপর হামলা চালায়।
হামলাকারীদের লাঠির আঘাতে ও উপর্যুপরি কিলঘুষিতে তোয়াবুর রহমান গুরুতর জখম হয়ে জ্ঞান হারায়। তাকে বাচাঁতে এগিয়ে আসলে নিহতের ভাই ইউসুফ, শ্যালক ছমিরউদ্দীনসহ স্ত্রী খায়রুমা বেগম নিজেও গুরুতর আহত হন। পরে গুরুতর জখম হওয়া তোয়াবুর রহমানকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার (ওসি) তানভিরুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় আটজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।
রবিবার রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজাহার ভূক্ত গলিনুর বেগম (৪২), আইরিন আকতার (৩০), ইয়াসমিন (৩৬) ও উম্মে হালি ওরফে বেবীকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য কাজ চলছে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কোর্টে চালান দেওয়া হয়েছে।
বার্তাবাজার/এ.আর