সেতু আছে, নেই সংযোগ সড়ক

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বন্দবেড় ইউনিয়নে জিগ্নীরকান্দা সোনাভরি খালের উপর অপরিকল্পিত ভাবে প্রায় ৩০ লক্ষ ৭৯ হাজার ৩৬৪ টাকা ২০ পয়সা ব্যয় করে ব্রিজ নির্মাণ করা হলেও এলাকাবাসীর কোন কাজে আসছে না।

ব্রিজের দু’পাশে সংযোগ রাস্তার অস্তিত্ব খুজে পাওয়া যায়নি। ব্রিজের পশ্চিম পাশে জমিতে সরিষার ফসলে ভরা মাঠ। ওই এলাকায় ইতিপূর্বেও কোন রাস্তা ছিল না বলে গ্রামবাসীরা জানান। তবে জিগ্নীরকান্দা গ্রাম হতে বন্দবেড় ইউনিয়ন পরিষদ ও সোনাভরি মাধ্যমিক স্কুলটি মাত্র ১ কিলোমিটার দুরত্ব।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নিমার্ণ প্রকল্প ২০১৮-২০১৯ অর্থ বছরে প্রায় ৩০ লক্ষ ৭৯ হাজার ৩৬৪ টাকা ২০ পয়সা ব্যয় করে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজের নির্মাণ কাজও শেষে হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাভরি খালের উপর ব্রিজটি নিমার্ণ করা হয়েছে তার দু’পাশে কোন সংযোগ রাস্তা নেই। জিগ্নীকান্দা সড়ক হতে ব্রিজটির পূর্বমাথা পর্যন্ত একশত মিটার ও ব্রীজটি পশ্চিমপাড় হতে সোনাভরি স্কুল এক কিলোমিটার পর্যন্ত কোন রাস্তা না থাকায় ব্রীজটি এলাকাবাসীর কোন কাজে আসছে না।

জিগ্নীকান্দা গ্রামের জাইদুল ইসলাম বলেন, কিছু দিন আগে ব্রিজের কাজ শেষ হয়েছে। তবে ব্রিজের দু’মাথায় সংযোগ সড়কের কোন চিহ্ন নেই। তবুও ব্রিজ নির্মাণ করা হয়েছে। এটা আমাদের কোন কাজে আসবে না।

সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, ঝুনকিরচর, জিগ্নীকান্দা, পূর্ব খনজনমারা গ্রামের অনেক শিক্ষার্থী জমির আইল দিয়ে হেটে স্কুলে আসে, ব্রিজ হয়েছে রাস্তা না থাকায় এলাকাবাসী কোন সুফল পাচ্ছে না।

বন্দবেড় ইউপি চেয়ারম্যান বলেন, এক সময়ে সেখানে রাস্তা ছিল। বর্তমান রাস্তা নেই। তারপরেও এলাকার লোকজনের জন্য নিচু জমিতে ব্রিজটি করা হয়েছ। সংযোগ রাস্তার জন্য চেষ্টা করবো।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, ব্রিজটির সাথে সংযোগ রাস্তা নেই। তবে চেয়ারম্যানের সাথে কথা হয়েছে তারা রাস্তার জন্য জমির ব্যবস্থা করে দিবেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর