দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জেলার ৫টি পৌরসভায় ১৮ জন মেয়র প্রার্থী, ২৫৯ জন কাউন্সিলর প্রার্থী ও ৮৫ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
দ্বিতীয় দফা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। ওই দিন সিরাজগঞ্জ পৌরসভা, রায়গঞ্জ পৌরসভা, কাজিপুর পৌরসভা, বেলকুচি পৌরসভা ও উল্লাপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দলীয় প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সিরাজগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৩, কাজিপুর ৩, রায়গঞ্জে ৪, উল্লাপাড়ায় ৫ ও বেলকুচিতে ৩ জন মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ২৫৯জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৫জন মনোনয়নপত্র স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ২২ ডিসেম্বর যাচাই-বাছাই, ২৯ ডিসেম্বর প্রত্যাহার ও ৩০ ডিসেম্বর প্রতিক বরাদ্দ দেয়া হবে।
সিরাজগঞ্জ: মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সিরাজগঞ্জ সদর পৌরসভায় মেয়র পদে ৩, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৯ ও সাধারণ কাউন্সিলর পদে ১০৭জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আ.লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বিএনপি মনোনীত প্রার্থী সাইদুর রহমান বাচ্চু ও মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান টি.আর এম নূর-ই-আলম হেলাল মনোনয়নপত্র দাখিল করেছেন।
কাজিপুর: কাজিপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন রোববার সকাল থেকে বিকেলে পাঁচটা পর্যন্ত মেয়র পদে ৩ জন ও সাধারণ কাউন্সিলর ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র প্রার্থীরা হলেন আ.লীগের মনোনীত প্রার্থী আব্দুল হান্নান তালুকদার, বিএনপি মনোনীত প্রার্থী আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র আব্দুস সালাম।
রায়গঞ্জ: রায়গঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জনসহ সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ ও সাধারণ কাউন্সিলর পদে ৩২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উত্তোলন করেছিলেন ৪৮জন। মেয়র পদে প্রার্থীরা হলেন আ.লীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল-পাঠান, বিএনপি মনোনিত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম, স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মোশারফ হোসেন আকন্দ, জাতীয় পাটির মনোনিত মেয়র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন। এবার রায়গঞ্জ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮শ ৬৭ জন। এদের মধ্যে মহিলা ভোটার সংখ্যা ৬ হাজার ১শ ৫জন, পুরুষ ভোটার ৫ হাজার ৭শ ৬২জন।
উল্লাপাড়া: মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৪৫জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরের পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে প্রার্থীরা আওয়ামী লীগ মনোনীত এস. এম নজরুল ইসলাম, বিএনপি মনোনীত আজাদ হোসেন আজাদ, স্বতন্ত্র বেলাল হোসেন, মীর আরিফুল ইসলাম উজ্জল ও আরিফ বিন হাবিব।
বেলকুচি: মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বেলকুচি পৌরসভার মেয়র পদে ৩জন, কাউন্সিলর পদে ৪৩জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র আশানূর বিশ্বাস, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আলতাফ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বার্তাবাজার/এ.আর