হার্নিয়া রোগীর বাম পাশে অপারেশন করার কথা থাকলেও তা ডানপাশে করেছেন বলে অভিযোগ ওঠেছে বরিশাল নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালের এক চিকিৎসকের নামে।
ভুক্তভোগী ওই রোগীর নাম মানিক (৪৪)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার বাসিন্দা। ঢাকায় একটি প্রতিষ্ঠানে তিনি মেকানিক্যাল ফিডার হিসাবে কর্মরত আছেন বলে জানা যায়। রোগের কোনো সমাধান না হওয়ার পরেও রোববার ওই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ভুক্তভোগী মানিক জানান, হার্নিয়ায় ভোগে গত ২২ নভেম্বর তিনি হাসপাতালটির সার্জন ডা. এস এম রহমান সুমনের শরণাপন্ন হন। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক জানান, তার বাম পাশে হার্নিয়া হয়েছে। সেই মোতাবেক তার ব্যবস্থাপত্রও করেন। তবে অফিসের ছুটি না পাওয়ায় তিনি অপারেশন করাতে দেরী করেন।
অবশেষে গত ১৭ ডিসেম্বর তিনি ডা. এমএস রহমান সুমনের অধীনে ভর্তি হন বরিশালের ইসলামী ব্যাংক হাসপাতালে। একইদিন সন্ধ্যায় তার অপারেশন করেন ডা. সুমন।
পরদিন (১৮ ডিসেম্বর) জ্ঞান ফিরলে মো. মানিক বুঝতে পারেন তার পুরুষাঙ্গের বাম পাশে অপারেশন না করে ডান পাশে করা হয়েছে। অথচ তার ডানপাশে কোনো সমস্যাই নেই।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি জানালে তারা মানিকের সকল কাগজপত্র নিয়ে গিয়ে অনুরোধ করেন বিষয়টি গোপন রাখার জন্য।
অভিযুক্ত চিকিৎসক ডা. এস এম রহমান সুমন জানান, ওই রোগীর দুই পাশেই হার্নিয়া হয়েছে এক পাশের অপারেশন করা হয়েছে। অন্য পাশে অপারেশন করতে আরও ৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে। তবে বাম পাশে অপারেশনের কথা থাকলেও ডানপাশে অপারেশনের বিষয়ে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি।
ভুক্তভোগী মানিক জানান, অপারেশনে ভুল হওয়ার কথা জানার পর তারা জোর করে সকল কাগজ নিয়ে যান। পরে নতুন করে দুইপাশে হার্নিয়া হয়েছে উল্লেখ করে রিপোর্ট তৈরী করেন। এই ঘটনায় তিনি মামলা দায়ের করবেন।
সংশ্লিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা. ইশতিয়াক আহমদ বলেন, ভুল অপারেশনই হয়েছে এটা। রোগীর অভিযোগের ভিত্তিতে তিনি ওই সার্জন ও রোগীর সাথে আলাপ করেছেন। এক পাশে অপারেশন করার কথা থাকলেও অন্য পাশে তা করা হয়েছে। পছন্দের সার্জন দিয়ে বিনা খরচে বাম পাশের হার্নিয়া অপারেশন করার জন্য ওই রোগীকে প্রস্তাব দেয়া হয়েছে।
বার্তাবাজার/এসজে