যশোরে ৫ লাখ ইউএস ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ী আটক

যশোরের শার্শা নাভারন উলশী পাঁকা রাস্তার উপর হতে একটি টয়োটা প্রাইভেটকারে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ৫ লাখ ইউএস ডলারসহ দুইজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

শনিবার (১৯ ডিসেম্বর) তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- চাঁদপুর জেলার খাগুড়ীয়া গ্রামের মোঃ রশিদ বেপারীর ছেলে মোঃ হদয় মিয়া (২০) ও কুমিল্লা জেলার তুলাতুলা গ্রামের মোঃ মফিজুল ইসলামেরর ছেলে আশরাফুল ইসলাম (২৮)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল ১৯ ডিসেম্বর যশোর ব্যটালিয়ন (৪৯ বিজিবি)’র বিশেষ টহল দল নাভারন উলশী পাঁকা রাস্তার উপর হতে ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো—গ—৩১—৭৮০৯) প্রাইভেটকারসহ চোরাচালানী দলকে আটক করতে সক্ষম হয়। উক্ত প্রাইভেটকারের দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লাখ ইউএস ডলার আটক করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ৪,৪০,০৫,৩০০/— (চার কোটি চল্লিশ লাখ পাঁচ হাজার তিনশত) টাকা।

বিজ্ঞপ্তিতে আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককারীরা স্বীকার করে বলেছে তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে। অত্র ব্যাটালিয়নের পক্ষ হতে মাদক, চোরাচালান, হুন্ডি ও স্বর্ণ পাচারের বিরুদ্ধে সীমান্তে সার্বক্ষনিক কঠোর নজরদারী রাখাসহ প্রয়োজন অনুযায়ী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃত হুন্ডিসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর