সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হাসান রুবেল।
রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি দায়ের করার পর তা আমলে নেওয়া হয়েছে।
মামলার বাদি রবিউল হাসান রুবেলের অভিযোগ, গত ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে এসে বিভিন্ন বিষয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কোটা আন্দোলন থেকে ওঠে আসা এই আলোচিত নেতা।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে নূর বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেছেন। নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’, আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’ ও ছাত্রলীগ নিয়ে আপত্তিকর এবং উস্কানিমূলক মন্তব্য করেছেন। এছাড়া মামলার বাদিকে জড়িয়েও বিভিন্ন অশালীন মন্তব্য করেছেন তিনি। নূরের এই ধরণের মন্তব্য মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা ব্যাতিত আর কিছুই নয় বলে অভিযোগ করেন রুবেল।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী একরাম হোসেন ডালিম বলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর হাকিম আয়েশা বেগম এই মামলার শুনানি করবেন। আমরা অপেক্ষায় আছি।
বার্তাবাজার/এসজে