আজ (২০ ডিসেম্বর) রোববার। বিশ্বের শীর্ষ উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি ২০১৯ সালের আজকের এই দিনে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
মহামারি করোনা পরিস্থিতির কারণে তেমন কোনো বড় পরিসরে আয়োজন করছে না তার তৈরি করা প্রতিষ্ঠান ব্র্যাক। তার জীবন চেতনা এবং মানবিক মূল্যবোধ বিবেচনা করে অনলাইনে আলোচনা সভার আয়োজন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।
গতকাল শনিবার (১৯ ডিসেম্বর) ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় তার চিরন্তন অনুপ্রেরণার কথা স্মরণ করে ও দরিদ্র মানুষের পাশে থেকে সমতাপূর্ণ পৃথিবী গড়াই আমাদের লক্ষ্য।
স্যার ফজলে হাসান আবেদ ৩৬ বছর বয়সে, ১৯৭২ সালে সিলেট জেলায় একটি ক্ষুদ্র ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প হিসেবে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। গত ৪৭ বছরে বহু কাজের মধ্য দিয়ে ব্র্যাক সারা বিশ্বের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে গণ্য হয়েছে।
সামাজিক ব্যবসা,মাইক্রোফাইন্যান্স,বিশ্ববিদ্যালয়, ব্যাংক ইত্যাদি কার্যক্রমের মধ্য দিয়ে ব্র্যাক আজ বিশ্বের বুকে একটি অন্যতম প্রতিষ্ঠান। সংস্থাটি এশিয়া ও আফ্রিকার ১২টি দেশের ১০ কোটিরও বেশি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখে চলেছে।
বর্তাবাজার/ই.এইচ.এম